বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৬:৩৫ পিএম

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্র সরকার সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে সম্মত হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পারমাণবিক অস্ত্র প্রতিরোধকারী সুরক্ষা ব্যবস্থাগুলো উপেক্ষা করেই এই অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত নথিপত্রে।সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার খসড়া চুক্তিটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় আছে। যদিও দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই শেষ হয়েছিল।

এই চুক্তির অনুমোদন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পেছনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মার্কিন কংগ্রেসের ভেতরে থাকা বিরোধিতাকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে ট্রাম্পের স্বাক্ষরের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে বলে সূত্রের তথ্য। এছাড়া ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের কাছ থেকে সম্ভাব্য বিরোধিতার আশঙ্কাও রয়েছে।

এই চুক্তি সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অতীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুমকি দিয়েছিলেন যে, প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক বোমা অর্জন করে, তবে সৌদি আরবও নিজস্ব সক্ষমতা অর্জন করবে।

হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য না করলেও, ২০২৫ সালের অক্টোবরে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের একটি বিবৃতির দিকে ইঙ্গিত করেছে। সেখানে বলা হয়েছিল, তারা বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য চুক্তিতে পৌঁছেছেন এবং দ্বিপাক্ষিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন প্রযুক্তি সৌদি আরবে ছড়িয়ে দিতে চান।