জুলাই ২১, ২০২৬, ১০:৪৫ এএম
প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি। সোমবার দিনভর পার্লামেন্ট অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
দিল্লি পুলিশের এই পদক্ষেপের ফলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছেড়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
সকালে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে পুলিশ বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে পথ আটকে দেয়। ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। অন্যদিকে আয়োজকদের দাবি, পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় এক লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেন।
পরিস্থিতি সামাল দিতে সিজেপির প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে নেতারা স্পষ্ট জানিয়ে দেন, দাবিগুলো মানা না হলে আন্দোলন থামবে না। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সোনম ওয়াংচুকের মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন স্থানেও এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সরকারের এই দমন-পীড়নের তীব্র সমালোচনা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন