বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ককরোচ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১১:৩৪ এএম

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ককরোচ পার্টি

ছবি - সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি। ভবিষ্যতে আর সংসদ অভিমুখে কোনো মিছিল বা পদযাত্রা না করার ঘোষণা দিয়েছে দলটি। সোমবারের বিক্ষোভে ব্যাপক সহিংসতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।পরিস্থিতি অত্যন্ত থমথমে।

আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবারের সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে গিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আন্দোলনকারীসহ মোট প্রায় একশো আশি জন আহত হন। এর মধ্যে একশো আঠারো জন পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মী এবং ষাট জন বিক্ষোভকারী আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, কর্মীরা যাতে আর কোনো ধরনের শারীরিক আঘাত বা ক্ষতির শিকার না হন, সেজন্য তারা ভবিষ্যতের পদযাত্রা কর্মসূচি বাতিল করেছেন। তবে সরকারবিরোধী এই আন্দোলন বিভিন্ন রূপেই অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন। তার দাবি, সংঘর্ষের পর দেড় শতের বেশি বিক্ষোভকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে গড়ে ওঠা এই যুব আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হচ্ছে। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনায় দেশের লক্ষাধিক শিক্ষার্থী চরম ক্ষতির মুখে পড়েছেন। এদিকে সোমবারের সংঘর্ষের জেরে পুলিশ এ পর্যন্ত সত্তরের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবারও দিল্লির যন্তর মন্তরে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন নেতাকর্মীরা।