জুলাই ২৩, ২০২৬, ০৭:৩৪ পিএম
ভারতে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী দিল্লিতে শুরু হয়েছে তীব্র ছাত্র আন্দোলন। বিভিন্ন রাজ্য থেকে শত শত শিক্ষার্থী পরিবারকে না জানিয়ে বা বাড়ি থেকে পালিয়ে এসে দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পরিবারের অমতে বা গোপনে বাড়ি ছেড়ে আন্দোলনে যোগ দেওয়ার এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।উত্তরাঞ্চলের প্রয়াগরাজ ও মুম্বাইসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোর ও তরুণেরা ট্রেন বা বাসে চেপে দিল্লিতে এসে এই বিক্ষোভে সামিল হয়েছে। প্রয়াগরাজ থেকে আসা পনেরো বছর বয়সী কিশোর রাজ চার দিন আগে পরিবারকে না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে আসে।
তার মতো অনেকেই কোনো প্রস্তুতি ছাড়াই আন্দোলনে যুক্ত হয়ে সহবিক্ষোভকারীদের সেবা করছেন এবং নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। অনেক শিক্ষার্থী তাদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা ও বিরোধিতার আশঙ্কায় নিজেদের পরিচয়ও গোপন রাখছেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ ভগৎ সিং ও আম্বেদকরের আদর্শ সামনে রেখে বিক্ষোভকারীরা বর্তমান প্রজন্মের ক্ষোভ প্রকাশ করছেন। গত সোমবার সংসদ অভিমুখে মিছিলের সময় হাজারো তরুণ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। আন্দোলনের এই তীব্রতার মুখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর পদক্ষেপ ও আটকের ঘটনাও ঘটছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন