জুলাই ২৪, ২০২৬, ০৭:৪২ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরাকের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে দেশটি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে।টানা ১৩ দিন ধরে দেশটিতে মার্কিন হামলা অব্যাহত রয়েছে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সম্প্রতি তেহরান সফর করেন।
তবে ইরানি কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালির চূড়ান্ত রাজনৈতিক ও কৌশলগত অবস্থান মীমাংসা না হলে তারা কোনো অস্থায়ী চুক্তিতে যাবেন না। তেহরানের মতে, এই প্রণালির নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ সুরক্ষাই বর্তমান আলোচনার সবচেয়ে জটিল ও মূল বিষয়।
অন্যদিকে ইরাকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আল-জাইদি মূলত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাতেই তেহরান গিয়েছিলেন। পাশাপাশি ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো ধরনের হামলা চালাতে দেওয়া হবে না বলেও তেহরানকে আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজ বা কার্গোয় কোনো ক্ষতি হলে তার সমস্ত আর্থিক ক্ষতিপূরণ মার্কিন নিয়ন্ত্রণে থাকা ইরানি তহবিল থেকেই কেটে রাখা হবে। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ভবিষ্যতে সম্ভাব্য দাবির অজুহাতে অন্য দেশের সম্পদ জব্দ করা অত্যন্ত উসকানিমূলক এবং বিপজ্জনক নজির স্থাপন করবে। তার মতে, এই ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক অর্থনীতিতে বিশৃঙ্খলা তৈরি করবে যা কোনোভাবেই নিরাপদ নয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন