আগস্ট ১, ২০২৬, ০১:২৪ পিএম
সৌদি আরবের চলমান অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির আটটি তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। কৌশলগত বাব আল-মানদেব প্রণালি অতিক্রম করার সময় জাহাজগুলোকে বাধা দেওয়া হয়। ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই নৌ অবরোধ জোরদার করা হয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
লোহিত সাগরের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান যে সৌদি তেল ট্যাংকারগুলোর ওপর নৌ অবরোধ আরও কঠোর করা হয়েছে। এর ফলে নির্ধারিত পথ পরিবর্তন করে জাহাজগুলোকে বিকল্প রুটে যেতে বাধ্য করা হয়েছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর চলা সামরিক অভিযান ও অবরোধের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী।
এর আগে গত ২০ জুলাই ইয়েমেনের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কার্যকর নৌ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি দেশটির বন্দরনগরী আল-হুদাইদাহতে সৌদি যুদ্ধবিমানের হামলার পর সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। ওই হামলার প্রতিক্রিয়ায় হুতি বাহিনী তাদের চলমান অভিযানের নতুন ধাপের নাম দিয়েছে ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’।
দীর্ঘস্থায়ী এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটলেও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল হয়নি। বর্তমান পরিস্থিতিতে এই নৌ অবরোধ দুই দেশের সংঘাতকে দীর্ঘায়িত করার আশঙ্কা তৈরি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন