বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ইরানের ওপর অনির্দিষ্টকালের নৌ অবরোধ বজায় রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ১১:৫০ এএম

ইরানের ওপর অনির্দিষ্টকালের নৌ অবরোধ বজায় রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখার প্রকাশ্য বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের ওপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ সৃষ্টির পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটির প্রশাসন। ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় তাদের সামরিক উপস্থিতি বজায় রাখার পূর্ণ সক্ষমতা রয়েছে এবং তারা এই পদক্ষেপ অব্যাহত রাখবে।এই দীর্ঘায়িত অবরোধে দেশটির অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

পানামা সফরকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, মার্কিন নৌবাহিনী সেখানে নিয়মিত জাহাজ আটকে দিচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দীর্ঘ সময় এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কৌশলগত প্রস্তুতি তাদের রয়েছে। এর পাশাপাশি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও এক সাক্ষাৎকারে তেহরানের ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে এমন কিছু পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যা আগে কখনো দেখা যায়নি।

অন্যদিকে সম্ভাব্য সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ার পর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে চাপ মোকাবিলা করতে চাইছে ইরান। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এই নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ইতিমধ্যে এই জলসীমা দিয়ে যাতায়াতকারী কয়েকটি বাণিজ্যিক জাহাজে আক্রমণের ঘটনা ঘটেছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থার দুটি জাহাজও রয়েছে।

এই বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক সংঘাতের সরাসরি প্রভাব আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর পড়ছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার পাশাপাশি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভিন্ন আলোচনা সৃষ্টি হচ্ছে।হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটবে না বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন।