আগস্ট ১৮, ২০২৬, ১০:৪৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের প্রত্যর্পণ নিয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে ভারত। দেশটি জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং অগ্রগামী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি।ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, গত পাঁচ আগস্ট নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই। পাশাপাশি, শেখ হাসিনা ও হাদি হত্যার সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে এই মুহূর্তে নতুন কোনো তথ্য বা আপডেট নেই। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ মনে করে এ ধরনের উচ্চপর্যায়ের সফরের আগে উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি করা আবশ্যক।
উভয় দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক বিধিনিষেধের মতো অমীমাংসিত বিষয়গুলো সমাধানের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত সফরের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন