শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিল করলেন মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ১২:৩৫ পিএম

৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিল করলেন মার্কিন আদালত

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার দেওয়া রায়ে আদালত স্পষ্ট জানিয়েছেন যে, এই নীতি বাস্তবায়নে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জিনেট ভার্গাস তার পর্যবেক্ষণে বলেন, চলতি বছরের জানুয়ারিতে পররাষ্ট্র দপ্তর ঘোষিত এই নীতিটি স্পষ্টতই বেআইনি এবং এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী।

আদালতের এই রায়ে বিশ্বব্যাপী অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরেছে।বিচারক জিনেট ভার্গাস আরও বলেন, বিদ্যমান আইনে ভিসা আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তাদের হাতে ন্যস্ত থাকে। এখানে পররাষ্ট্রমন্ত্রীর ঢালাওভাবে অভিবাসী ভিসা দেয়া বন্ধ করার কোনো আইনগত ভিত্তি নেই। জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতিতে ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া, আলবেনিয়া, পাকিস্তান ও বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছিল। এসব দেশের আবেদনের ক্ষেত্রে ঢালাও নিষেধাজ্ঞা প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন বলে আদালত রায় দেন।

মার্কিন আদালতের এই রায়কে অভিবাসন আইনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালত তার রায়ে ফেডারেল আইনের সাথে সাংঘর্ষিক যেকোনো প্রশাসনিক আদেশ বাতিলের বাধ্যবাধকতা তুলে ধরেছেন। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে অভিবাসী ভিসার আবেদনগুলো আগের মতোই ব্যক্তিগত মেধার ভিত্তিতে যাচাই করা হবে।