বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংকট

মক্কা-মদিনায় হুথি হামলার চেষ্টার তীব্র নিন্দা ওআইসির

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:০৩ এএম

মক্কা-মদিনায় হুথি হামলার চেষ্টার তীব্র নিন্দা ওআইসির

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা। বিশ্বের মুসলিম দেশগুলোর এই শীর্ষ জোট বলেছে, বেসামরিক নাগরিকদের মধ্যে ভয়ভীতি ছড়ানো, পবিত্র উপাসনালয়ের সম্মান ক্ষুণ্ন করা এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হীন উদ্দেশ্যে এই অপতৎপরতা চালানো হয়েছে।

পবিত্র স্থাপনার ওপর আক্রমণকে চরম সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে সংস্থাটি। জেদ্দায় অবস্থিত ইসলামি সহযোগিতা সংস্থার সাধারণ সচিবালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা সরাসরি সন্ত্রাসী কার্যকলাপের সমতুল্য। 

এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড ইসলামি মূল্যবোধের পরিপন্থি হওয়ার পাশাপাশি প্রচলিত আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। সংস্থাটি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছে, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও মর্যাদা লঙ্ঘন কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।

একই সঙ্গে রিয়াদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে আন্তর্জাতিক এই জোট। পবিত্র স্থানগুলোর সম্মান রক্ষা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় সৌদি সরকার যেসব কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, তার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে সংস্থাটি।

তথ্যসূত্র: আল জাজিরা