অক্টোবর ২, ২০২৬, ১০:১১ এএম
সৌদি আরবের মদিনা নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের হুতিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। সৌদি জোটের দাবি, মঙ্গলবার মদিনার ওই বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। কেন্দ্রটি থেকে মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়লেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে জোটটি। তাদের ভাষ্য, হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন উভয় পর্যায়েই হুতিরা যুক্ত ছিল। মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। অভিযোগটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হুতি নিয়ন্ত্রিত সামরিক বাহিনীর একটি সূত্র। তারা দাবি করেছে, সৌদি জোটের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সৌদি আরব এর আগে মক্কায় হামলার যে অভিযোগ তুলেছিল, তার প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি আড়াল করতেই এই নতুন দাবি তোলা হয়েছে বলে হুতিদের পক্ষ থেকে মন্তব্য করা হয়।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক চক্রান্তের অংশ এটি। তারা অভিযোগ করেছে, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বজুড়ে মুসলমানদের উসকে দেওয়ার অপচেষ্টা চলছে। পবিত্র স্থান ও হাজি-ওমরাহ পালনকারীদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার কথাও জানিয়েছে জোট।
ইয়েমেনের তাইজ গভর্নরেটে হুতিদের একটি বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। বৃহস্পতিবারের এ ঘটনায় হুতি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। একই দিনে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের আকাশে হুতিদের উৎক্ষেপণ করা চারটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি জোট। এছাড়া খামিস মুশাইত ও জাজান শহরের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন