অক্টোবর ২, ২০২৬, ১২:১৬ পিএম
ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির আরও তিনটি প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথিরা। হুথিদের দাবি অনুযায়ী, সৌদি যুদ্ধবিমান সানা ছাড়াও সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার এই হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, হতাহতের সংখ্যা কত কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের অবস্থান ও সমাবেশস্থল লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, হামলায় হুথিদের ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্র ও সরবরাহের স্থাপনা, যোদ্ধাদের অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্য করা হয়েছে। তার দাবি, এসব হামলায় বেশ কয়েকটি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
এতে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। তবে এসব দাবি স্বতন্ত্র কোনো পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও জাজানের দিকে হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
আল-মালিকি আরও দাবি করেন, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে একটি হুথি ড্রোন হামলা চালানো হয়। সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জোট দাবি করে। তবে মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথিরা। তাদের দাবি, সৌদি আরব তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন