শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
ইসরায়েলগামী বিমান

ইসরায়েলগামী বিমানে হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ১০:৫৯ এএম

ইসরায়েলগামী বিমানে হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানে হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো। ২৯ বছর বয়সী ওই ওমানি নাগরিকের নাম হামাম আল-হামানি।

তিনি মূলত বেড়ে উঠেছেন আমিরাতে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই পাইলট এর আগে ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেখান থেকে চাকরি ছাড়ার পর জুনে মরক্কোর রয়্যাল এয়ার মারোকে যোগ দেন তিনি। সবশেষ ২০২৬ সালের জুনে সেখান থেকেও চাকরি ছেড়ে দেন। ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে অনলাইনে পড়াশোনা করে ২০২৩ সালে বিমান চলাচল ব্যবস্থাপনার ওপর ডিগ্রি নেন হামাম। তবে তার লিংকডইন অ্যাকাউন্টে ফ্লাইদুবাইয়ের কথা উল্লেখ ছিল না।

অ্যাকাউন্টটি হামামের বলে একটি সূত্র নিশ্চিত করলেও বর্তমানে তা ডিলিট করে দেওয়া হয়েছে। কেন এটি মুছে ফেলা হলো, তা জানতে লিংকডইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। একইভাবে তার এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।

এর আগেই তার ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও পেয়েছিল সিএনএন। সেখানে দেখা যায়, বিমানের ককপিট থেকে ইসরায়েলি বিমানগুলোর ভিডিও করা হয়েছে। ভিডিওটির শেষে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং জর্ডানীয় গুপ্তচর হুমাম খলিল আবু-মুলাল আল-বালাওইয়ের ছবি যুক্ত ছিল। এই আবু-মুলাল ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সিআইএ ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিলেন।

এছাড়া হামামের আরেকটি পোস্টে মক্কা, মদিনা ও জেরুজালেমের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি পাওয়া গেছে। যার নেপথ্যে বাজছিল একটি ইসলামিক কবিতা।