বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৪ পিএম

সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

রিমান্ডে আফজাল নাছের

রাজধানীর মিরপুরে গত জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) মো. আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। 

এর আগে ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল।মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন এদিন আফজাল নাছেরকে আদালতে হাজির করেন। 

রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানিকালে তিনি অভিযোগ করেন, এই আসামি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। 

বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে থাকাকালীন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল বলে আদালতে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, মামলার সুষ্ঠু তদন্ত এবং নেপথ্যের রহস্য উন্মোচনের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভুক্তভোগী দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র আন্দোলনের সমর্থনে অবস্থান করছিলেন। সেই সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হওয়া আফজাল নাছেরের সরাসরি নির্দেশে আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গুলিতে গুরুতর আহত হয়ে দেলোয়ার হোসেন রাস্তায় লুটিয়ে পড়েন। 

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তাঁর মৃত্যু হয়।এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে মামলা দায়ের করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আফজাল নাছেরের সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। 

ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আর কারা এই নির্দেশদাতার সাথে যুক্ত ছিলেন তা জানতে জিজ্ঞাসাবাদ জরুরি। এর আগে সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাবেক এই সামরিক কর্মকর্তার রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।