মে ২০, ২০২৬, ০২:৩১ পিএম
রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই রায় ঘোষণা করেন।কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।পলাতক এই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান গণমাধ্যমকে এই আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার এই অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন