জুন ৪, ২০২৬, ১১:৫৬ এএম
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতে তোলার আগেই হঠাৎ অসুস্থতা অনুভব করেন এই মামলার অন্যতম আসামি স্বপ্না আক্তার।পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিচারক মাসরুর সালেকীনের আদালতে বিচার কার্যক্রম শুরুর আগে এই ঘটনা ঘটে। কিছুটা সুস্থ বোধ করার পর স্বপ্নাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি দ্বিতীয় আসামি।
এই মামলার প্রধান অভিযুক্ত তাঁর স্বামী সোহেল রানা।গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের ঘরে ডেকে নিয়েছিল স্বপ্না। এরপর প্রধান আসামি সোহেল শিশুটিকে ধর্ষণ শেষে মস্তক বিচ্ছিন্ন করে হত্যা করে।
গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে স্বপ্না আদালতে নিজেকে নির্দোষ দাবি করে কান্নাকাটি করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তখন তাঁর এই আচরণকে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার অপকৌশল হিসেবে উল্লেখ করেন।আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন তিনি শারীরিক অসুস্থতার কথা জানালেন। এই যুক্তিতর্ক শেষ হলেই বিচারক আলোচিত এই মামলার চূড়ান্ত রায়ের তারিখ ঘোষণা করতে পারেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন