জুলাই ১৬, ২০২৬, ০৯:৩০ পিএম
ঢাকার আদালতে রিমান্ড শেষে অর্থপাচার মামলায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।মামলাটির তদন্ত করছে সি.আই.ডি.।
এর আগে ১২ জুলাই ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে সি.আই.ডি. ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। ওই দিন রাতেই গাইবান্ধার পলাশবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রিমান্ড শেষে সি.আই.ডি. পুলিশের পরিদর্শক কে এম রাকিবুল হুদা তাকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে বলেন, রিমান্ডে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসেবে কারা এবং কী কারণে অর্থ জমা দিয়েছে, তা জানা গেছে। প্রাপ্ত তথ্যগুলো মানি লন্ডারিং মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তদন্ত কর্মকর্তা আরও জানান, আসামির দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা একান্ত প্রয়োজন। আসামি মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। আসামিপক্ষে আইনজীবী শ্যামল কুমার রায় জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে দেন।আদালতের এই আদেশের পর হরিদাস চন্দ্র তরণী দাসকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সি.আই.ডি.।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন