শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জালিয়াতির মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৯:২৯ পিএম

জালিয়াতির মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

ছবি - সংগৃহীত

চেক জালিয়াতির একটি পুরোনো মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তাওহীদ ইসলামের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সকালে কঠোর পুলিশ পাহারায় তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হলে বিচারক ফারহানা আরজু এই আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল এই তথ্য নিশ্চিত করেছেন।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকর করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর থানায় দায়ের করা চেক জালিয়াতির মামলার বিচার শেষে গত বছরের বারো ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের রায় ঘোষণা করেছিলেন। 

তবে রায় ঘোষণার পর থেকে অভিযুক্ত হরিদাস চন্দ্র পলাতক থাকায় এতদিন সাজা কার্যকর করা সম্ভব হয়নি। সম্প্রতি অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির হাতে গ্রেপ্তারের পর তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয় এবং বিচারক নথিপত্র পর্যালোচনা করে পূর্বের সাজা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেন।আদালত চত্বরে এ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। 

চেক জালিয়াতির এই মামলার পাশাপাশি তার বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানাসহ বিভিন্ন স্থানে প্রতারণার অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি চাকরি ও বিভিন্ন সুযোগ-প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এর আগে গত বারো জুলাই রাতে রাজধানীর উত্তরা থেকে মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করে সিআইডি। সম্প্রতি পলাশবাড়ীতে বিরানব্বই ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণ কার্যক্রমকে কেন্দ্র করেও তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন।