আগস্ট ৩০, ২০২৬, ০৩:৩০ পিএম
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুর রহমান জিসান হত্যা মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কাউছার হুসাইন গত ৮ জুলাই আদালতে এই মামলার অভিযোগপত্র বা চার্জশিট জমা দেন। চাঞ্চল্যকর এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগপত্রে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং পুলিশের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার নাম রয়েছে।তালিকায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক ও জাহাঙ্গীর কবীর নানক অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়াও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম ও মশিউর রহমান সজল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবিপ্রধান হারুন অর রশীদ এবং সাবেক ওসি আবুল হাসানকে অভিযুক্ত করা হয়েছে।
আন্দোলনের সময় অভিযুক্তদের সুনির্দিষ্ট ভূমিকা তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন বলে প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন