বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নারীদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তা করা ভুল: সেনাপ্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৭:০১ পিএম

নারীদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তা করা ভুল: সেনাপ্রধান

দেশের ৫০ ভাগ নারী জনগোষ্ঠীর অংশগ্রহণকে উপেক্ষা করে যদি উন্নয়নের চিন্তা করা হয় তবে তা দেশের জন্য ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি মনে করেন নারীদের দেশের উন্নয়নে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জয়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত করা আবশ্যক।

নারীরা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করবে এবং তারা দেশ ও জাতি গঠনে জোরালোভাবে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিন ব্যাপী প্রথম পুনর্মিলনীর দ্বিতীয় দিনের জমকালো আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কলেজের অধ্যক্ষ এবং অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস এর সভাপতিসহ অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।

এরপর প্রধান অতিথি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং জমকালো পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান করেন।

উল্লেখ্য তিনদিন ব্যাপী এই চলমান প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রধান অতিথি অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।