বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৮:২৭ পিএম

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম।

শুক্রবার গণমাধমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি বলেন যে তারা প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যটি পুঙ্খানু পুঙ্খানুভাবে পর্যালোচনা করেছেন। তিনি প্রধান উপদেষ্টার ভাষণে সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণার বিষয়টিও পুনর্ব্যক্ত করায় সন্তোষ প্রকাশ করেন।

তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন।

কর্নেল অলি আশা প্রকাশ করেন যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বদলি বা পদায়ন যেন লটারির মাধ্যমে না করে বিভিন্ন অঞ্চলের গুরুত্ব বিবেচনা অনুযায়ী যোগ্যতাভিত্তিক করা হয়। এই যোগ্যতাভিত্তিক বদলি বা পদায়ন করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়াও তিনি সুনির্দিষ্ট করে বলেন যে সমস্ত ওসি নির্বাচনের ৬-৮ মাস পূর্বে বিভিন্ন থানায় পদায়ন হয়েছেন তাদের যেন অন্য কোথাও বদলি বা পদায়ন না করা হয়।

অবশ্য কর্নেল অলি একটি শর্ত জুড়ে দিয়ে বলেন যে প্রশাসনে বা কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যদি প্রমাণসহ সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে তাকে প্রত্যাহার বা অবসরে পাঠানো যুক্তিযুক্ত হবে। তিনি একই সাথে পুলিশসহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অযথা হয়রানি বন্ধ করার দাবিও জানান। সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ দিতে তিনি এই প্রস্তাবগুলো বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।