বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নারীদের পেছনে রেখে আমরা এগোতে পারব না: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৬ পিএম

নারীদের পেছনে রেখে আমরা এগোতে পারব না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে হলে নারীদেরকে পিছনে ফেলে রাখা যাবে না। তিনি বলেন, এগিয়ে যেতে হলে মা-বোনদেরকে সাথে নিয়েই যেতে হবে।

বুধবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসার আয়োজনে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা ইসলামের ইতিহাস থেকে নারী সাহাবিদের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদেরকে নিয়েই রাসুলুল্লাহ (স.) সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন।

এমনকি যুদ্ধের ময়দানেও মা-বোনদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা যদি আমাদের মা, বোন ও কন্যাদেরকে অধিকহারে তাঁদের হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী বানাতে পারি, তাহলে তারা সমাজ ও রাষ্ট্রের সর্বত্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে।ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি, যেখানে কোনো ভেদাভেদ আর থাকবে না। আমাদেরকে একে অন্যের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীতে ইসলামী আদর্শের ভিত্তিতে আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখছি, সেটা পূরণেও নিবরাস মাদরাসা মাইলফলক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।

মানুষকে সম্মান করার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, আমি যদি অন্য একজনকে সম্মান না করি, তাহলে তার কাছ থেকে সম্মান আশা করা যায়না। তিনি গীবত, পরনিন্দা ও পরচর্চা ত্যাগ করার জন্য সকলকে অনুরোধ করেন। এছাড়াও, উপদেষ্টা ক্ষুদ্রাতিক্ষুদ্র ভেদাভেদ ভুলে সকলকে কালেমা তাইয়্যেবার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে এবছর মাদরাসাটির ১৬৭ জন শিক্ষার্থীকে (যার মধ্যে ১৩২ জন বালক ও ৩৫ জন বালিকা) হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।