বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশের জন্য ভারতের বিজনেস ভিসা ইস্যু করা হচ্ছে: প্রণয় ভার্মা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৯:০২ পিএম

বাংলাদেশের জন্য ভারতের বিজনেস ভিসা ইস্যু করা হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশের জন্য ব্যবসায়িক বা বিজনেস ভিসা ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি নিশ্চিত করেছেন, বর্তমানে জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকারভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে।

বুধবার (আজ) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত 'ফার্মা কানেক্ট' নামের একটি নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেন। এ সময় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে যে জটিলতার মুখোমুখি হচ্ছেন, তা দ্রুত দূর করার আহ্বান জানান। একইসঙ্গে দু’দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজীকরণেরও দাবি করেন তারা।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে বর্তমানে সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু করা হয়েছে।তিনি বলেন, "বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা করছি।" হাইকমিশনার জানান, ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে বিশেষ সুবিধা পাবেন।

ভারতীয় হাইকমিশনের এই ঘোষণার ফলে দু’দেশের বাণিজ্যিক কার্যক্রম এবং বিশেষ করে ফার্মাসিউটিক্যাল শিল্পে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। এটি মূলত বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সচল রাখতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করতে সহায়ক হবে।