নভেম্বর ২০, ২০২৫, ০৪:৫৯ পিএম
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা এখন এক প্রকার যুদ্ধক্ষেত্রে আছি। ডিজিটাল ফেতনার এই যুগে সারা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে নানাভাবে পরিকল্পিত অপপ্রচার চলছে।
এই অপপ্রচার রুখতে এবং ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম হতে পারে সেরা মাধ্যম। এ জন্য মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজার জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদ্রাসার ছাত্রদের সহীহ বুখারীর দরসে হাদিসের আজিমুশশান জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী শিক্ষায় গুরুত্বারোপ উপদেষ্টা তার বক্তব্যে নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নারী শিক্ষার্থীদের মধ্য থেকে বেশি সংখ্যক আলেমা ও হাফেজা তৈরি করতে হবে, যাতে তারা সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন।আলেমদের অবদান ও আগামীর বাংলাদেশ ড. খালিদ হোসাইন বলেন, উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আলেম-ওলামাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের সত্যিকার বাণী প্রচারে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"অতিথিদের বক্তব্য জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও জামিয়া দারুল উলুম করাচির মুহাদ্দিস আল্লামা মুফতি আজিজুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, কক্সবাজারবাসীর জন্য জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাকিস্তান থেকে আগত আল্লামা নুরুল বাশার, শায়খ মুফতি আদনান এবং শায়খুল হাদিস আল্লামা আবদুল গফুর নদভী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন