বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব গৃহীত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৫:১১ পিএম

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব গৃহীত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এই প্রস্তাবটি উত্থাপন করে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোহিঙ্গা সংকটের সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো এই প্রস্তাবের সঙ্গে ১০৫টি দেশ কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।

২০১৭ সাল থেকে প্রতি বছরই রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘে এই প্রস্তাবটি গ্রহণ করা হচ্ছে। গৃহীত প্রস্তাবে রাখাইন রাজ্যে মানবাধিকারের লাগাতার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন, মানবিক সহায়তা প্রবেশাধিকারে বিধিনিষেধ এবং বাংলাদেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের হতাশা ও কঠোর বার্তা প্রস্তাবটি গৃহীত হওয়ার পর বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য দেশগুলোকে তাদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানায়। তবে একইসঙ্গে প্রতিনিধি দলের পক্ষ থেকে গভীর হতাশা প্রকাশ করা হয়। তারা উল্লেখ করেন, গত আট বছরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসনের জন্য কোনো কার্যকর অগ্রগতি অর্জিত হয়নি।

বাংলাদেশ প্রতিনিধিদল জোর দিয়ে বলেছে, "বাংলাদেশ আর ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বোঝা বহন করতে পারছে না।" তাই রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য জরুরি এবং কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ। এই প্রস্তাব গ্রহণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।