বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নাগরিকদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করছে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ১০:৫৩ পিএম

নাগরিকদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করছে সরকার

বাংলাদেশে ভবিষ্যতে আর কখনও ইন্টারনেট শাটডাউন হবে না এবং নাগরিকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সরকার কাজ করছে—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে আইসিটি ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন কোনোভাবেই নাগরিকদের গোপনীয়তা নষ্ট করতে না পারে, সরকার সেই বিষয়টি বিশেষভাবে প্রাধান্য দিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, প্রকাশিত এই প্রতিবেদনের মূল্যায়নের লক্ষ্য কেবল প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা নয়, বরং একই সাথে মানবাধিকার, শাসনব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং ডেটা সুরক্ষাসহ পুরো ডিজিটাল ইকোসিস্টেমকে একীভূত করা। এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ডিজিটাল ব্যবস্থা উন্নত করা হচ্ছে।এসময় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিমূলক সংস্থা (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বৈশ্বিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, বৈশ্বিকভাবে এখন সবচেয়ে বড় ঝুঁকি হলো সংযোগ বৈষম্য বা কানেক্টিভিটি ইনইকুয়ালিটি। এই সংযোগ বৈষম্য দূর করাই বর্তমানে নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের এই উদ্যোগ একদিকে যেমন ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিক মানদণ্ড বজায় রাখতে সাহায্য করবে। দেশের ডিজিটাল পরিবেশকে নিরাপদ ও সুশাসনযুক্ত করার লক্ষ্যে সরকার এই ধরনের পদক্ষেপগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছে।