নভেম্বর ২১, ২০২৫, ০৭:০৯ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পর একান্তে এই কুশল বিনিময় হয়।
এই একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
জবাবে খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তিনিও প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার জন্য শুভকামনা জানান। এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিঁথি তার সঙ্গে উপস্থিত ছিলেন।এর আগে শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিকেল ৩টা ৫০ মিনিটে বেগম জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন বলে নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথিসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন