নভেম্বর ২১, ২০২৫, ০৭:৫৩ পিএম
শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী।
এর আগে সিলেট বা নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হলেও এবার তা ঢাকার আরও কাছে নরসিংদীতে। ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন, এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি।
ভূমিকম্প গবেষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী এই কেন্দ্রস্থলের কারণ ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের মধ্যে টেকটোনিক প্লেটের যে পাঁচটি উৎস বা সোর্স আছে, তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। তিনি মনে করেন, নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত বিস্তৃত এই অংশে যে বড় ফাটল রয়েছে, তারই একটি ছোট অংশ নরসিংদী। ফলে এই এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া অস্বাভাবিক নয়।
এদিকে রাজধানীতে ৫ দশমিক ৭ মাত্রার আকস্মিক একটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় সৃষ্ট দুর্ঘটনা সম্পর্কিত তথ্য আদান-প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জন নিহত এবং ২ শতাধিক আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া নগরীর বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক তথ্য আদান-প্রদানের জন্য ঢাকা জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে, দুর্ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৭০০-৭১৬৬৭৮ এবং ফোন নম্বর ০২-৪১০৫১০৬৫-তে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন