শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৯:৪৩ এএম

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করে।

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তিন দিনের সফরের সময় (২৪ নভেম্বর পর্যন্ত) প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

পাশাপাশি তিনি বাংলাদেশে বসবাসরত ভুটানি সম্প্রদায়ের সঙ্গেও সরাসরি যোগাযোগ করবেন।ভুটান সরকার জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হলো ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা। একই সঙ্গে দুদেশের মধ্যে নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সম্ভাবনা উন্মোচিত হবে, যা দুই দেশের জন্যই পারস্পরিক সুবিধা আনবে।

বাংলাদেশের সরকারও এই সফরকে আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। ভুটানের প্রধানমন্ত্রী আজ ঢাকায় পৌঁছার পর থেকেই তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বৈঠকগুলো শুরু হবে বলে জানা গেছে।