নভেম্বর ২২, ২০২৫, ১০:৪৫ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার (২২ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।
ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয় এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী টোবগের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে 'তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক' সই হবে বলে জানা গেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে।সংক্ষিপ্ত বৈঠকের পর প্রধানমন্ত্রী টোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল ৩টার দিকে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় তার সম্মানে একটি সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন