নভেম্বর ২২, ২০২৫, ১১:১০ এএম
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার (২২ নভেম্বর) ঢাকায় এসে বিমানবন্দর থেকেই শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও হতাহতের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।
সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই কূটনৈতিক ও মানবিক সংহতি জ্ঞাপনের পর প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়।এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।
এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে 'তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক' সই হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেরিং টোবগে সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন। ভুটান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সম্ভাবনা উন্মোচিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন