শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১১:৫১ এএম

সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং ২১ বার তোপধ্বনি ও সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সশরীরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

উল্লেখ্য, বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে শেরিং টোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।