শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হয়: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৩:৫৩ পিএম

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে।

শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সের সভাকক্ষে আস-সুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক মাহফিল ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্বের সকল উন্নত দেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে উপাসনালয় রয়েছে। তিনি মনে করেন, সাধারণ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে।

তিনি কঠোর মন্তব্য করে বলেন, "শিক্ষা থেকে ধর্মকে আলাদা করা হলে ডাকাত তৈরি হবে, মাস্তান তৈরি হবে।"দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. খালিদ বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচনে যারা জয়ী হবেন তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

তবে তিনি সতর্ক করে বলেন, পুরোনো জাহেলি যুগ আর ফিরে আসবে না।ড. খালিদ আরও বলেন, এই দেশকে দুর্নীতি, সুদ, ঘুষ ও চাঁদাবাজমুক্ত করতে হলে আল্লাহওয়ালাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। অন্তরে যাদের আল্লাহভীতি রয়েছে এবং যাদের চরিত্র ইস্পাতের মতো শক্ত ও অটুট, তাদেরকে নির্বাচিত করতে হবে।

তিনি বিশ্বাস করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হোক অথবা দূরবর্তী ভবিষ্যতে হোক, বাংলাদেশ একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং এজন্য তরুণ ও যুবকদেরকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ারুল ইসলাম আযহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মমতাজ উদ্দীন কাদেরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।