শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

একইদিনে নির্বাচন ও গণভোট করতে ইসিকে চিঠি সরকারের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৫:১২ পিএম

একইদিনে নির্বাচন ও গণভোট করতে ইসিকে চিঠি সরকারের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে সম্পন্ন করতে হবে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে যে, গণভোট করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এক্ষেত্রে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সম্প্রতি জানিয়েছিলেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ও গণভোট সম্পন্ন করতে চায়। সরকারের পক্ষ থেকে এই চিঠি পাওয়ায়, এখন নির্বাচন কমিশন একইদিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য দ্রুততার সঙ্গে তাদের প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করবে।