নভেম্বর ২২, ২০২৫, ০৫:৪০ পিএম
টানা দ্বিতীয় দিনের মতো আবারও দেশে ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। আবহাওয়া অফিস থেকে প্রথমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাইপাইল এলাকা বলা হলেও পরে তা সংশোধন করে নিশ্চিত করা হয় যে, এই ভূমিকম্পও আগের দিনের মতোই নরসিংদী জেলায় সংঘটিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সংশোধিত তথ্য নিশ্চিত করা হয়। এতে সই করেছেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।
টানা দুই দিনে ঢাকার পার্শ্ববর্তী নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।
সেই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর মাধবদী। একদিনের ব্যবধানে একই জেলায় ভূমিকম্পের কেন্দ্র হওয়ায় অঞ্চলটির ভূতাত্ত্বিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন