শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভুটান ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য ও টেলিকম খাতে দুটি সমঝোতা স্মারক সই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৬:১২ পিএম

ভুটান ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য ও টেলিকম খাতে দুটি সমঝোতা স্মারক সই

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে দুই দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে করা হয়েছে।

প্রথম সমঝোতা স্মারকটি হলো স্বাস্থ্য খাতে সহযোগিতার ওপর, যার শিরোনাম 'অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স'। এই স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যখাতে জনবল নিয়োগ ও কর্মসংস্থান নিয়ে যৌথভাবে কাজ করবে।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।দ্বিতীয় সমঝোতা স্মারকটি টেলিকম ও ইন্টারনেট ব্যান্ডউইডথ সংক্রান্ত।

এর শিরোনাম 'ট্রেড অফ ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইডথ অ্যান্ড আদার টেলিকমিউনিকেশন সার্ভিসেস'। এই স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ বাণিজ্য এবং অন্যান্য টেলিযোগাযোগ পরিষেবা নিয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এই দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভুটান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে এবং দুদেশের মধ্যে নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সম্ভাবনা উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।