শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ১২:৫২ পিএম

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই

আসন্ন নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। তিনি জানান, নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিভিন্ন পার্টির মধ্যে দৌরাত্ম্য বেড়ে যাবে এবং সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে, তবে তা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রস্তুত।

টানা ভূমিকম্পের পর দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।" তিনি জানান, ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

তিনি বলেন, "কোন কোন দেশে শোনা যাচ্ছে ১০ সেকেন্ড আগে ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং অ্যাপ আছে। আমরা সেটা নিয়ে চিন্তাভাবনা করতেছি, এই অ্যাপ খুলতে পারি কিনা।"

এছাড়াও তিনি নির্মাণকাজের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা যে বাড়িঘর তৈরি করতেছি এটা যেন রাজউকের বিল্ডিং কোড মেনে সবাই নির্মাণ করি।" তিনি সতর্ক করেন, বিল্ডিং কোড না মেনে চললে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে।