শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বড় আকারের ভূমিকম্প মোকাবিলায় সক্ষমতা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০২:১৯ পিএম

বড় আকারের ভূমিকম্প মোকাবিলায় সক্ষমতা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশে বড় ধরনের ভূমিকম্প ঘটলে তা মোকাবিলায় দেশের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই উদ্বেগের কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে একের পর এক ভূমিকম্প হচ্ছে। ছোটখাটো ভূমিকম্পে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস প্রস্তুত থাকলেও, বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, তা বলা যায় না।

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে তিনি কঠোর সতর্কতা জারি করেন। তিনি বলেন, "আমাদের সবাইকে বিল্ডিং কোড মানতে হবে, নাহলে ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা আছে।

 তিনি অবকাঠামোগত সমস্যার দিকে ইঙ্গিত করে বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। তিনি রাজউককে এসব বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।

প্রযুক্তিনির্ভর প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশে ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। তিনি জানান, "কোনো কোনো দেশে একটি অ্যাপ আছে, যেটি ভূমিকম্প হওয়ার ১০ সেকেন্ড আগে ইন্ডিকেশন দিতে পারে। সে রকম অ্যাপ খোলা যায় কিনা এ বিষয়ে চিন্তাভাবনা চলছে।

এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচন সামনে রেখে পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। তিনি যোগ করেন, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে বলা হয়েছে এবং ২০০৯ সালের পর দেওয়া অস্ত্রের লাইসেন্স বর্তমান সরকার নবায়ন করেনি।