শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৮:৪৯ পিএম

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম রোববার সকালে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে চার দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে আইজিপি বাহারুল আলম তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আজ রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সাধারণ অধিবেশন বৈশ্বিক পরিসরে পুলিশি সহযোগিতার সর্ববৃহৎ আয়োজন।

পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে ইনফরমেশন শেয়ারিং (তথ্য আদান–প্রদান), যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মেলনে মূলত সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার, অর্গানাইজড ক্রাইম (সংঘবদ্ধ অপরাধ), ট্রান্সন্যাশনাল ক্রাইম (সীমান্ত পারের অপরাধ), পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়।

ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা একত্রিত হয়ে সংস্থাটির নীতি, কার্যপদ্ধতি, বাজেট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন। এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।