নভেম্বর ২৪, ২০২৫, ১১:৪০ এএম
পূর্ব ঘোষণা অনুযায়ীই আগামী ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। চাকরিপ্রার্থীদের আন্দোলন ও রেল অবরোধের মুখেও কমিশন তাদের রোডম্যাপে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল রোববার রাতে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্ত জানায় কমিশন।বিজ্ঞপ্তিতে পিএসসি উল্লেখ করে, পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে কিছু চাকরিপ্রার্থী গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
রাজশাহী ও ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে শনি ও রোববার ট্রেন চলাচলও বন্ধ ছিল। তাদের কয়েকজন প্রতিনিধি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অনশন কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।
পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ চলতি বছরের ৩ জুন আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে—আন্দোলনকারীদের এই দাবি বাস্তবসম্মত নয়। কমিশন মনে করে, বিসিএস পরীক্ষার প্রস্তুতি কখনোই সীমিত সময়ের বিষয় নয়, বরং দীর্ঘ সময়ের পড়াশোনা ও ধারাবাহিক অনুশীলনের ওপরই এই প্রস্তুতি নির্ভর করে। পরীক্ষা এড়ানো বা পিছিয়ে দেওয়ার প্রবণতা একজন সম্ভাব্য সরকারি চাকরি–প্রার্থীর শৃঙ্খলাবোধের সঙ্গে যায় না।
পিএসসি জানিয়েছে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষার জট দূর করাকে অগ্রাধিকার দিয়েছে এবং দ্রুত ফল প্রকাশের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। এখন কোনো পরীক্ষা পেছালে সেই রোডম্যাপ বাস্তবায়নে ব্যাঘাত তৈরি হবে—এই কারণেই পরীক্ষা পেছানোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
পরীক্ষা শুরুর তারিখ: ২৭ নভেম্বর
পরীক্ষা শেষ: ১৮ ডিসেম্বর
পরীক্ষার্থী সংখ্যা: প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন
পরীক্ষাকেন্দ্র: পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮টি বিভাগীয় শহরে—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষার আয়োজন শুধুমাত্র ঢাকাতেই হবে বলে জানানো হয়েছে।পিএসসি পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সবাই যেন ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত তারিখ থেকেই পরীক্ষায় অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন