শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে : উপদেষ্টা রিজওয়ানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ১২:৩৮ পিএম

অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে : উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা বড়–ভালো দৃষ্টান্ত রেখে যাবে।"

সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান ই-পারিবারিক আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এই পদ্ধতির মাধ্যমে আমরা কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে এগোলাম। তিনি মনে করেন, যে নারী ও শিশুরা নির্যাতন এবং পারিবারিক সহিংসতার শিকার, তাদের জন্য এই আদালত সম্ভাবনা নিয়ে আসবে।

তবে তিনি কারিগরি দিক নিয়ে সতর্ক করে বলেন, অনেক আবেদন অনলাইনে করার সুযোগ থাকলেও, তা অনলাইনে করা যায় না। এ সময় এই উপদেষ্টা ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে আহ্বান জানান।

তিনি যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে নানা বাধার সম্মুখীন হওয়ার কথাও তুলে ধরেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইট ভাটা ভাঙতে চাইলে বাধা দেওয়া হয় এবং যেকোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়। এই বাধা অতিক্রম করে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে ভালো দৃষ্টান্ত রেখে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।