নভেম্বর ২৪, ২০২৫, ০১:০৫ পিএম
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে।
সোমবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনী প্রধান দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ব শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ জাহাজ, নৌ সদস্য ও কন্টিনজেন্ট দিয়ে আসছে। তিনি জানান, ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ৭,৫০০ জন সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে এসেছেন এবং বিশ্ব শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত চারজন সম্মানিত সদস্য শাহাদাত বরণ করেছেন। নৌবাহিনী সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্যদিয়ে ৪১৭ জন নবীন নাবিক দীর্ঘ ২২ সপ্তাহ কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন।
পদকপ্রাপ্ত নবীন নাবিকরা হলেন:
নৌপ্রধান পদক: রিজান মোল্যা (পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জনের জন্য সেরা চৌকশ নাবিক)।
কমখুল পদক: মো. মারুফ হাসান মুন্না (দ্বিতীয় স্থান অধিকার)।
শের-ই-বাংলা পদক: মো. হাসান আলী (তৃতীয় স্থান অধিকার)।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন