নভেম্বর ২৪, ২০২৫, ০১:৩৫ পিএম
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়াটাই যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহেদ। তিনি মন্তব্য করেছেন, আলাদা দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন হলে সেটি হবে চ্যালেঞ্জের।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মত দেন।
অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন ও গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না।
তবে নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে।অর্থ উপদেষ্টা আরও বলেন, নির্বাচন এবং গণভোট দুই দিন করা অনেক কঠিন বিষয়। তিনি বলেন, নির্বাচন এবং গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।
ড. সালেহউদ্দিন আহেদ জানান, স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে এবং এর বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এছাড়া, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন