শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৩:০৪ পিএম

১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে

এ বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের শামিল। ঘরোয়া পরিবেশ, কর্মক্ষেত্র থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সবখানেই নারী সহিংসতার শিকার হচ্ছেন।

'ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে-২০২৪'–এর তথ্য অনুযায়ী, অনলাইনে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

শারমীন এস মুরশিদ মন্তব্য করেন, রাজনীতিক শাসকরা তাদের রাজনীতির স্বার্থে নানাভাবে মেয়েদের ওপর জুলুম করে। তিনি উদাহরণ দিয়ে বলেন:কেউ জমি দখলের ক্ষেত্রে নারীদের প্রতি নির্যাতন করে পরিবারটিকে সরিয়ে দিয়ে জমি দখল করে নেয়।নির্বাচনকে নিজেদের আয়ত্তে আনতে অনেক সময় দেখা যায় একটি কমিউনিটির ওপরে আক্রমণ করে নারীদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়।তিনি বলেন, এই সমাজে নারীদের রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু মন্ত্রণালয়ের একার কাজ নয়, সব সেক্টর থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ বছরের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য হলো:

ইংরেজি: 'Unit to end digital violence all women and girls'.

বাংলা: 'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি'।

আগামীকাল ২৫ নভেম্বর সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ১৬ দিনের কর্মসূচির উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এই অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, জাতিসংঘ সংস্থা, উন্নয়ন সহযোগী, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।