নভেম্বর ২৯, ২০২৫, ০৮:২৩ পিএম
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের মাঝে আজ ত্রাণ সামগ্রী সম্বলিত কিটবক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
উপদেষ্টা বলেন, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘব করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে আমরা অবিলম্বে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছি।"
উপদেষ্টা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২,০০০ (দুই হাজার) শিশু পরিবারের মাঝে কিটবক্স বিতরণ করেন। কিটবক্সে মশারি, খাদ্যসামগ্রী, পানির জার, টর্চলাইট, কম্বলসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তালিকাভুক্ত করে পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষায় সহায়তা: বাচ্চাদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বাচ্চাদের বই, খাতা, কলম এবং স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে।
আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা: তিনি আরও জানান, ঘর নির্মাণে গণপূর্ত মন্ত্রণালয়, মসজিদের ক্ষয়ক্ষতি মেরামতে ধর্ম মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ও তৎপর রয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এই ত্রাণ কার্যক্রমকে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন এবং দ্রুত পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন