বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০১:২১ পিএম

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বে ঘোষিত ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায়। এই সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

এই সময়সীমা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে জানান, "আউট অব কান্ট্রি ভোটিং-এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন।"এদিকে, সময় বাড়ানো হলেও ইসির পক্ষ থেকে প্রবাসীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধনের সময় অবশ্যই তাদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। ইসি সতর্ক করে বলেছে, নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতে হবে।

কারণ সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবের ৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রের ১৯ হাজার ২৭১ জন প্রবাসী ভোটার রয়েছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।