শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ইউরোফাইটার টাইফুন কিনবে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৩১ পিএম

ইউরোফাইটার টাইফুন কিনবে বাংলাদেশ

বাংলাদেশ বিমানবাহিনীকে অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করতে যাচ্ছে ইতালি। এ বিষয়ে বাংলাদেশ বিমানবাহিনী এবং লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (LoI) বা সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার বিমানবাহিনী সদরদপ্তরে এই লেটার অব ইনটেন্ট সই হয়।

এসময় উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।আইএসপিআর আরও জানায়, লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকীকরণ এবং যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি বিমানবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।