বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৪৫ পিএম

এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ভারতের রাজধানী দিল্লির পর এবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রটি (ভিএসি) বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুরের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে যে, শিলিগুড়ির বাঘা যতীন পার্ক এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে হামলার পর নিরাপত্তার কথা বিবেচনা করে আউটসোর্সিং সংস্থা।

‘ডিইউডিজিটাল’ সোমবার বেলা ৩টার আগেই অফিসটি বন্ধ করে দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কেন্দ্র থেকে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না।

ঘটনাসূত্রে জানা যায়, বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য সোমবার সকালে বাঘা যতীন পার্কে সমবেত হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ ও দীপু দাসের হত্যার বিচারের দাবি তুলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অফিসের ভেতর ঢুকে কর্তৃপক্ষের সাথে হার্ডলাইনে কথা বলেন এবং বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত ভিসা পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানান। এমনকি তারা অফিসের সাইনবোর্ড ও ব্যানার আজকের মধ্যেই সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেন।

উদ্ভূত পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। শিলিগুড়ির ওই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র (নোট ভারবাল) পাঠানো হয়েছে। কলকাতা থেকে পাওয়া কূটনৈতিক তথ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর পুনরায় কেন্দ্রটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে জানাবেন যেন কোনো ভারতীয় বর্তমানে বাংলাদেশে না যান এবং কোনো ব্যবসায়িক সম্পর্ক বজায় না রাখেন।

উল্লেখ্য যে, আজ সকালেই দিল্লির বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এখন শিলিগুড়িতেও একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে চলাচলের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে শিলিগুড়ি হয়ে নেপাল বা ভুটানগামী পর্যটক এবং বাংলাদেশগামী যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এই কূটনৈতিক শীতলতা ও ভিসা কার্যক্রম স্থগিত হওয়ার ফলে ভারত-বাংলাদেশ সীমান্তেও বাড়তি সতর্কতা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।