বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র কখন চালু হবে, জানালেন প্রণয় ভার্মা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৩১ পিএম

বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র কখন চালু হবে, জানালেন প্রণয় ভার্মা

বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম এবং বর্তমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে বাংলাদেশে থাকা সবকটি ভিসা কেন্দ্র সম্পূর্ণভাবে চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান যে, বর্তমানে নিরাপত্তা ও কারিগরি সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিক দিক বিবেচনায় জরুরি ও চিকিৎসাসংক্রান্ত ভিসা সেবাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চালু রাখা হয়েছে।

পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান যে, বর্তমানে ভিসা প্রক্রিয়াকরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিপুল সংখ্যক জাল নথিপত্র এবং দালাল চক্রের অপতৎপরতা।

দালাল ও মধ্যস্বত্বভোগীরা আইভ্যাক সার্ভারে হ্যাক করার চেষ্টা চালিয়ে কৃত্রিম চাপের সৃষ্টি করছে, যার ফলে সাধারণ ও বৈধ আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন। এই সমস্যার কথা শুনে প্রণয় ভার্মা উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। একইসাথে তিনি সাধারণ আবেদনকারীদের কোনোভাবেই দালালদের শরণাপন্ন না হয়ে কেবল বৈধ পন্থায় আবেদনের পরামর্শ দেন।

সম্প্রতি নিরাপত্তার খাতিরে ঢাকার আইভ্যাক একদিন বন্ধ থাকলেও বর্তমানে তা চালু রয়েছে। এছাড়া খুলনা, সিলেট ও রাজশাহীর কেন্দ্রগুলোতেও সীমিত পরিসরে কার্যক্রম চলছে। তবে চট্টগ্রামের সহকারী হাইকমিশনারের বাসভবন ও কার্যালয় অভিমুখে হামলার ঘটনার পর থেকে সেখানকার আইভ্যাক কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রণয় ভার্মা স্পষ্ট করেছেন যে, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চট্টগ্রামের মতো এলাকাগুলোতে পূর্ণাঙ্গ সেবা চালুর বিষয়ে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তবে পরিস্থিতির স্থিতিশীলতা ফিরে এলে খুব দ্রুতই সব বাধা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।