ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৩৫ পিএম
বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে পরিবর্তন আসতে যাচ্ছে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
বর্তমান প্রধান বিচারপতির বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় সংবিধান অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। এরপরই ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথগ্রহণের কথা রয়েছে।
সরকারের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত গেজেট চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর রয়েছে এক দীর্ঘ ও বর্ণাঢ্য বিচারিক ক্যারিয়ার। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর ঠিক দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বিচার বিভাগে বড় রদবদলের মধ্যে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনেও তিনি অনন্য মেধার স্বাক্ষর রেখেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং সেখান থেকে আন্তর্জাতিক আইনের ওপর দ্বিতীয়বার মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার এই গভীর আইনি জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতা দেশের বিচার বিভাগকে আরও গতিশীল ও ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আইন বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন